সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইলে বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল

বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইলে বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল

নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ছয় নেতাকে নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাতে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ছয়টি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

পুনর্বহাল হওয়া নেতারা হলেন—লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান পলাশ এবং নড়াইল সদর পৌর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন বাবু।

পৃথক চিঠিতে উল্লেখ করা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্র অনুযায়ী গত ৬ আগস্ট তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবার যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনায় দলীয় স্ব স্ব পদে তাঁদের পুনর্বহাল করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং দলকে সুসংগঠিত করতে তাঁদের ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ বিষয়ে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে তাঁরা দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।’

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা