কে.এম.শামীম, গোপালপুর, টাংগাইল : টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা চারটি ককটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাজানপুর গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকটি লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ড ও কিছু অংশে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকে নৈশপ্রহরীর দায়িত্বে থাকা মো. মফিজ উদ্দিন চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারিসহ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, “এ ঘটনা সম্পর্কে অবগত আছি। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
