ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ১৮ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদিকে, নাফ নদীসংলগ্ন একটি স্লুইস গেট এলাকায় অভিযানকালে পাচারকারীরা নৌকাসহ ইয়াবা ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, প্রথম অভিযানটি চালানো হয় টেকনাফ বাজারসংলগ্ন শাপলা চত্বর এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেট্রো-খ-১২-৯৪৪৩ নম্বরের একটি সাদা প্রোটন সাগা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির পেছনের আসনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়িচালক মো. ইয়াসিন (৪১)।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে বিজিবির নাজিরপাড়া বিওপির একটি বিশেষ টহল দল। এ সময় দুটি সন্দেহভাজন ব্যক্তিকে ইঞ্জিনচালিত নৌকায় করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি। টহল দলের ধাওয়া খেয়ে তারা বেড়িবাঁধের কাছে নৌকাসহ মালামাল ফেলে পাশের কেওড়াবাগানে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুটি অভিযানে মোট ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেট কার, একটি ইঞ্জিনচালিত নৌকা ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। দ্বিতীয় অভিযানে পালিয়ে যাওয়া দুজনকে শনাক্ত করেছে বিজিবি। তারা হলেন ইমরান ও ইয়াসের।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার ও বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
আটক ব্যক্তি এবং জব্দ করা ইয়াবা ও অন্যান্য মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
