রিয়াজ উদ্দিন, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুরের মাঝখানের গভীর তলদেশে কয়েক ঘণ্টার অভিযান শেষে চট্টগ্রাম থেকে আসা বিশেষ ডুবুরি দলের সদস্যরা তার সন্ধান পান। নিহত কিশোরের পরিচয়ও শনাক্ত হয়েছে। তার নাম আবু গায়িব (১৭)। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইট হাউস ফাতেরঘোনা এলাকার বাসিন্দা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর উপজেলা পরিষদের মডেল মসজিদের সামনের পুকুরে এ ঘটনা ঘটে। বেলা ১১টা ২০ মিনিটের দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে গোসল করতে পুকুরে নামে আবু গায়িব। একপর্যায়ে সহপাঠীর হাত ছেড়ে পানিতে তলিয়ে যায় সে। এরপর সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুকুরপাড়ে পড়ে রয়েছে কিশোরটির একটি সাইকেল, একজোড়া জুতা ও একটি গেঞ্জি। এসব জিনিসপত্র পড়ে থাকলেও কিশোরের কোনো সন্ধান না মেলায় সেখানে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়ভাবে জাল ফেলে এবং বিভিন্ন পদ্ধতিতে তল্লাশি চালিয়েও প্রথম দিকে তার সন্ধান পাওয়া যায়নি।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোম্পা ঘোষের উদ্যোগে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল আনার ব্যবস্থা করা হয়। পরে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় ধরে অনুসন্ধানের একপর্যায়ে পুকুরের মাঝখানের গভীর তলদেশে নিখোঁজ কিশোরের সন্ধান পান তারা।
পরে উদ্ধার করা কিশোরের পরিচয় আবু গায়িব (১৭) হিসেবে শনাক্ত করা হয়। তার বাড়ি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইট হাউস ফাতেরঘোনা এলাকায়।
এদিকে কিশোর নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে সদর উপজেলা পরিষদ এলাকায় স্থানীয় লোকজন ও উৎসুক জনতার ভিড় জমে। উদ্ধার অভিযান ঘিরে পুরো এলাকায় তৈরি হয় শোকাবহ পরিবেশ। কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
