রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুরে বিএনপি নেতা শহীদ রফিকুল ইসলাম সবেরের ২৮তম শাহাদাতবার্ষিকী পালিত

মহেশপুরে বিএনপি নেতা শহীদ রফিকুল ইসলাম সবেরের ২৮তম শাহাদাতবার্ষিকী পালিত

মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবেশ ঠেকাতে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতাদের

ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ রফিকুল ইসলাম সবেরের ২৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তাঁর রাজনৈতিক জীবন, সাহসিকতা ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন বিএনপি নেতারা। একই সঙ্গে তাঁর হত্যাকাণ্ডের বিচার দাবি এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান তাঁরা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে ৫ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মেহেদী হাসান রনি মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দবির উদ্দিন বিশ্বাস, মো. আহসান হাবীব রনক, জেলা যুবদলের নেতা মো. ইমরান হোসেন চৌধুরী এবং মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহানুর আলম।সঞ্চালনায় দায়িত্ব ছিলেন শহীদ রফিকুল ইসলাম সাবের পুত্র পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আল ইমরান টাইগার এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির সভাপতি মো. আমিনুর রহমান মাস্টার, স্বরূপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বিশ্বাসসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছেন। তিনি আর দেশে ফিরে আসতে পারবেন না। অতীতে যারা দেশ ছেড়ে গেছেন, তাঁদের কেউ ফিরে আসেননি, তিনিও ফিরতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, মহেশপুর একটি সীমান্তবর্তী উপজেলা। তাই এ এলাকার বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে। সীমান্ত দিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতা যাতে দেশে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রফিকুল ইসলাম সবেরের রাজনৈতিক আদর্শ, সাহসিকতা ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবন ও সাংগঠনিক ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, শহীদ রফিকুল ইসলাম সবেরের স্মৃতি ও আদর্শ ধারণ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরে শহীদ রফিকুল ইসলাম সবেরের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা