সোহেল রানা, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। বাহিনীর সদস্যদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও দ্রুত সাড়াদানমূলক কার্যক্রমের ফলে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে। সচল রয়েছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম, স্বাভাবিক রয়েছে মহাসড়কের যান চলাচল এবং নির্বিঘ্নে চলাচল করছেন সাধারণ মানুষ।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান গণির সার্বিক তত্ত্বাবধানে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মোতায়েনকৃত ১৯ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স গাজীপুরের ডেগেরছালা-গাছা, সাইনবোর্ড, কলেজগেট (টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা), এশিয়া পাম্প, জরুন, নওজোড়, ভোগড়া, সালনা, মৌচাক, আমবাগ-কাটা, পল্লী বিদ্যুৎ, তেলিরচালা, হোতাপাড়া, বাংলা বাজার, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী ও কাশিমপুরসহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ অপারেশনাল পয়েন্টে দায়িত্ব পালন করছে। এসব এলাকায় নিয়মিত টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছেন বাহিনীর সদস্যরা।
দেশের শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের হামলা ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, দৃঢ় মনোবল ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
