সরিষাবাড়ী (জামালপুর) থেকে সিফাত: জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ‘বিপদজনক’ লেখা দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট বাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় বস্তু দুটি দেখতে পান স্থানীয়রা। এর মধ্যে একটি বাজারের পান ব্যবসায়ী আব্দুল সালামের টং দোকানের পাশে এবং অন্যটি জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশনের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত একটি পরিত্যক্ত শৌচাগারের সামনে পড়ে ছিল।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ বস্তু দুটি পানি ভর্তি বালতি ও পাশের একটি জলাশয়ে ফেলে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেয়।
সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, পৃথক দুটি স্থান থেকে উদ্ধার করা বোমাসদৃশ বস্তু পানিতে ফেলে নিষ্ক্রিয় করা হয়েছে।
তবে বস্তু দুটি কী ধরনের এবং কে বা কারা সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
