শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শিবচরে মাকে হত্যার ৫ দিন পর শিশু আবিরের মরদেহ নদী থেকে উদ্ধার

শিবচরে মাকে হত্যার ৫ দিন পর শিশু আবিরের মরদেহ নদী থেকে উদ্ধার

শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর মাকে হত্যার ৫ দিন পর আড়িয়াল খাঁ ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়া এক বছরের শিশু আবিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

সোমবার(২৪ আগষ্ট)সকালে শিবচর উপজেলার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা শিশুর মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

তিনি জানান, গত ১৯ আগস্ট বেলা ১১টার দিকে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ শাম্পার পরিচয় শনাক্ত করে। নিহত শাম্পা নাটোর জেলার লালপুর থানার বেরিলাবাড়ি এলাকার ছামরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে নিহতের বাবা শিবচর থানায় মামলা করেন।

পরিবার সূত্রে জানান, ৩ বছর আগে মাদারীপুর সদর উপজেলার বড়মেহের এলাকার সাহাবুদ্দিন হাওলাদারের সাথে তার মেয়ে শাম্পা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে এক বছর বয়সী ছেলে আবির রয়েছে। একটি মামলায় শাম্পার স্বামী কারাগারে থাকাকালীন সময়ে পরিচয় হয় শিবচরের বাখরেরকান্দি এলাকার রতন মোল্লার ছেলে ফারুক মোল্লার সাথে। ফারুকের বাড়িতে শাম্পাকে ডেকে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয় ৷পরে শাম্পার মরদেহ জঙ্গলে ও শাম্পার ছেলেকে শ্বাসরোধে হত্যার পর ফেলে দেয়া হয় আড়িয়াল খাঁ নদে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে ফারুক মোল্লাকে গ্রেফতার করে শিবচর থানা পুলিশ ও র‍্যাব-৮।আসামির হেফাজত থেকে ভিকটিম শাম্পার ব্যবহৃত চেইন, ওড়না এবং এক জোড়া জুতা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফারুক শিশু আবিরকে আড়িয়াল খাঁ ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে। এরপর থেকেই নদীতে নিখোঁজ শিশুটির লাশ উদ্ধারে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনার ৫ দিন পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিবচর থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা