বরিশাল প্রতিনিধি : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর উত্তর মল্লিক রোডস্থ পুলক চ্যাটার্জির বাড়িতে গিয়ে শোকাহত স্বজনদের শান্তনা দিয়েছেন জহির উদ্দিন স্বপন। এরপর তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, পুলকের সাথে আমার আগে থেকেই ব্যক্তিগত জানাশোনা আছে।
বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন আরো বলেছেন, আমি খুবই মর্মাহত। বেদনা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তথ্য মন্ত্রীর দায়িত্ব পালন করার সময় সাংবাদিক পেশা নিয়ে একটু ভিতরে ঢুকতে হয়েছে। সাংবাদিক পক্ষ ও মালিক পক্ষের স্বার্থ নিশ্চিত করে একটি ওয়েজবোর্ড বাস্তবায়ন করব। মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসেছি।
তিনি আরও বলেছেন, আমাদের কাজটার সঙ্গে পুলকের মৃত্যুর সম্পর্ক রয়েছে। এই পেশা নিজেকে মর্যাদাবান করে। অন্যান্য পেশাতে নিজের ব্যক্তিগত স্বার্থই শুধু থাকে। কিন্তু সাংবাদিকতা পেশায় যারা জড়িত, তারা বেতনের নিশ্চয়তা চায়, মর্যাদা চায়। আমি যদি সব কাজ করে আসতে পারতাম, তাহলে ভবিষ্যতে এই পরিস্থিতে কাউকে পড়তে হতো না। আমি নীতিগতভাবে তিন পক্ষের নৈতিক সমর্থন তৈরি করে এসেছি।
তিনি আরো বলেছেন, পুলকের মৃত্যু নিয়ে শুধু প্রতিক্রিয়া জানালেই হবে না, তার পরিবারের দিকে খেয়াল রাখতে হবে। পুলক আমাদের কাছে আর ফিরে আসবে না। এটি ক্ষুদ্র-অনাকাঙ্খিত দুর্ঘটনা নয়, এটির শেকড় অনেক দূরে। আমাদের প্রধানমন্ত্রী গণমাধ্যমের ব্যাপারে অনেক সচেতন। আমরা সবাই মিলে পুলকের পরিবারের দিকে খেয়াল রাখব। পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটাকেই দেখিয়ে দিয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় বাড়িতে ছিলেন পুলক চ্যাটার্জীর স্ত্রী প্রিয়াংকা চ্যাটার্জী ও মেয়ে প্রকৃতি চ্যাটার্জী। এমপি জহির উদ্দিন স্বপনের সঙ্গে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ উপস্থিত ছিলেন।
পুলক চ্যাটার্জি সবশেষ ছিলেন দৈনিক সমকালের ব্যুরো প্রধান। তিন বছর আগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর তিনি (পুলক) আর্থিক দৈন্যদশ্যায় চরম হতাশাগ্রস্থ ছিলেন।
গত শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয়ের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখানে পাওয়া যায় তার হাতে লেখা পাঁচটি ‘সুইসাইড নোট’।
