বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : শিক্ষকদের পাশে থাকা, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিশ্বনাথ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব বিন আমিন-এর সভাপতিত্বে এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আবদুল হামিদ-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হান্নান, শিক্ষক ফারুক আহমেদ, আল-আজম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল আহাদ, বৈরাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত এবং মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদ,বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
শিক্ষক কেবল পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন, ভবিষ্যৎ প্রজন্মের গুণাবলী, নৈতিকতা ও দেশপ্রেম গঠনে তাঁরাই মূল ভূমিকা রাখেন। বর্তমান যুগে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
