রবিবার | অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় মামুনুর রশীদ

শাসক নয়, সেবক হতে চাই:

পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় মামুনুর রশীদ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড (বাহুলী) থেকে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন স্থানীয় বিএনপি নেতা ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, হামলা, মামলা ও কারা নির্যাতনের মুখোমুখি হলেও দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে অনন্য বিশ্বস্ততা অর্জন করেছেন তিনি।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে নানা নিপীড়ন ও স্বৈরাচারী আচরণ উপেক্ষা করে ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত গতিশীল ও সুসংগঠিত রেখেছিলেন মামুনুর রশীদ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসায় এবং এলাকাবাসীর তীব্র জনদাবির মুখে তিনি এবার কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন।

রাজনীতি প্রসঙ্গে মামুনুর রশীদ মামুন বলেন, “আমি দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত থেকে নেতৃত্ব দিয়ে আসছি। ৭ নম্বর ওয়ার্ডের জনগণের সেবা করার এক মহৎ ও পবিত্র উদ্দেশ্য নিয়েই আমার এই নির্বাচনের প্রস্তুতি। বাহুলী এলাকার মানুষের নিঃস্বার্থ সেবা করতে পারাই হবে আমার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমি কথা দিচ্ছি, বাহুলী ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মনে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করব না। আমি তাদের প্রকৃত জনপ্রতিনিধি হয়ে সুখে-দুঃখে দায়িত্ব পালন ও সেবা করতে চাই। ইনশাআল্লাহ, আল্লাহ আমার এই মনের আরজ কবুল করবেন। এই লক্ষ্যে তিনি স্থানীয় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামসহ দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এলাকার মানুষের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আবেগঘন কণ্ঠে মামুনুর রশীদ মামুন আরও বলেন, তিনি কোনো শাসক নয়, বরং ওয়ার্ডবাসীর একজন প্রকৃত সেবক হিসেবে আমৃত্যু কাজ করতে চান। নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডে কোনো ধরনের হানাহানি, রাজনৈতিক বিদ্বেষ বা বৈষম্য থাকবে না উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের বিপদ-আপদে অতীতে যেভাবে পাশে ছিলেন, ভবিষ্যতেও নিজের সাধ্যমতো সেই সেবা অব্যাহত রাখবেন।

তিনি বাহুলীর জনগণের নাড়ি ও চাহিদার স্পন্দন বোঝেন দাবি করে বলেন, জনগণের প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই আমার মূল লক্ষ্য, যার মাধ্যমে মানুষের মনে নতুন আশার সঞ্চার হবে।

৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও অসাম্প্রদায়িক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি বাহুলী এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান এবং ঐতিহাসিক হযরত শাহ চান্দ আউলিয়ার মাজার এলাকার সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের প্রতিশ্রুতি দেন। একই সাথে যুব সমাজকে অপরাধ ও মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ, প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গ্রাম্য শালিস ব্যবস্থার আধুনিকায়ন, নারী সমাজের ক্ষমতায়ন এবং ওয়ার্ডে প্রাপ্ত সরকারি বরাদ্দের শতভাগ সুষম ও স্বচ্ছ বন্টন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।ওয়ার্ডবাসীর প্রতি আকুল আহ্বান জানিয়ে মামুনুর রশীদ মামুন বলেন, অতীতে অনেকেই কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে বাহুলীবাসী যদি আমাকে মাত্র একবার সেবা করার সুযোগ দেন, তবে আমি অতীতের যেকোনো কাউন্সিলরের চেয়ে বেশি সেবা নিশ্চিত করে দেখাব। যদি তা না পারি, তবে আমি নিজেই স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেব।

আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই জনপ্রিয় বিএনপি নেতা বর্তমানে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করে দিনরাত জোরদার গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন বলে এলাকার লোকজন সুএে জানা যায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা