রবিবার | অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম জাতীয় পার্টির আলোচনা সভা, জিএম কাদেরের নেতৃত্বে দলকে শক্তিশালী করার আহ্বান

পটিয়ায় উপজেলা দিবসে :

জাতীয় পার্টির আলোচনা সভা, জিএম কাদেরের নেতৃত্বে দলকে শক্তিশালী করার আহ্বান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুহাম্মদ নুরুচ্ছফা সরকার।

পটিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তারা উপজেলা সৃষ্টির তাৎপর্য তুলে ধরে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে উপজেলা ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল। প্রশাসনের decentralization বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় উন্নয়নে উপজেলা পরিষদের ভূমিকা অপরিসীম।

সভায় বক্তারা আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে দল আজ রাজপথে সোচ্চার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার বিকল্প নেই। দলের আদর্শ ও অগ্রণী ভূমিকা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— পটিয়া উপজেলা জাতীয় পার্টির নেতা জালাল আহমদ, নেজাম সওদাগর, মোহাম্মদ ইয়াকুব, নুরুন্নবী সওদাগর, মো. আবুল কাশেম, মোহাম্মদ রুবেল খান, আব্দুল হাকিম ও মুহাম্মদ সৈয়দনুর, এম ইরফানসহ পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা