এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁওয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি শাখার এক গ্রাহকের হিসাব থেকে ৩৩ লাখ ৯০ হাজার টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে। গত ২৪ ও ২৫ অক্টোবর দুই দিনে বিকাশ অ্যাড মানির মাধ্যমে ৭০ দফায় এসব টাকা স্থানান্তর করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী গ্রাহক কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক। তার অভিযোগ, তিনি কোনো অ্যাপ বা অনলাইন ব্যাংকিং কার্ড ব্যবহার করেন না। এমনকি তার মোবাইল ফোনে কোনো ওটিপি (OTP) বা বার্তাও আসেনি। এরপরও হিসাব থেকে বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের ঘটনায় তিনি উদ্বিগ্ন।
জিডির সূত্র ধরে সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি তদন্তে নামেন সদর, রামু ও ঈদগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান। তিনি ভুক্তভোগীর সঙ্গে কথা বলার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।
এএসপি মাহমুদুল হাসান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না।
রোববার ব্যাংকে টাকা তুলতে গিয়ে হিসাবে টাকা না থাকার বিষয়টি জানতে পারেন ওই অধ্যক্ষ। পরে ব্যাংকে গিয়ে খোঁজ নিলে তাকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়।
এরপর তিনি ঈদগাঁও থানায় জিডি করেন।
তবে কারা, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় টাকা স্থানান্তর করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
