শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক

পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক নির্মাণকাজ চালানোর সময় দুই শ্রমিককে আটক করেছে পুলিশ।

১ নভেম্বর ২০২৬, রবিবার বিকেলের দিকে শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার আজগর আলী চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই দুই নির্মাণ শ্রমিককে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রশিদাবাদ এলাকার ওই বাড়ির প্রায় ১৪ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জেরে আদালতে একটি মামলাও (সি.আর. মামলা নং-৫২০/২২) বর্তমানে বিচারাধীন রয়েছে।মামলার বাদীপক্ষের অভিযোগ, জায়গাটি নিয়ে আদালতের স্থিতাবস্থা বা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ আইনের তোয়াক্কা না করে বহিরাগত লোকবল ও নির্মাণ শ্রমিক এনে আকস্মিকভাবে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে।

তারা সেখানে থাকা গাছপালা কেটে সাবাড় করে দেয় এবং পাকা দেয়াল ও সড়ক নির্মাণের কাজ শুরু করে। এতে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসলে এলাকায় তীব্র উত্তেজনা ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় এক ব্যক্তি ‘৯৯৯’ নম্বরে কল করে পুলিশের সাহায্য চান। খবর পেয়ে পটিয়া থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয় এবং জোরপূর্বক কাজ করতে থাকা দুই শ্রমিককে আটক করে থানায় নিয়ে আসে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিরোধপূর্ণ জায়গাটি নিয়ে যেহেতু আদালতে মামলা বিচারাধীন রয়েছে, তাই সেখানে যেকোনো ধরণের জোরপূর্বক কাজ পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি।

ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হওয়ায় এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ দ্রুত ব্যবস্থা নেন এবং কাজ বন্ধ করে দুই শ্রমিককে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও থানা সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা