মো.নূর আলম ভুইয়া : জুলাই গণঅভ্যুত্থান-এর সময় রাজধানীর বিভিন্ন থানায় আক্রমন করে লুট করা শর্ট গানের রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ডিএমপি ঢাকা কামরাঙ্গীরচর থানাধীন মধু সিটি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় এসব কার্তুজ উদ্ধার করে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। মঙ্গলবার বিকাল ৩ টায় বাহিনীর ব্যাটলিয়ন কার্য্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি ১০ এর সূত্রে জানা যায়, ২৪ শের জুলাই গণঅভ্যুত্থান-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবি শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেয়। নির্দেশনার পর এসআরবি আরও জোরদার ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করছে। মেটাডোর হোস্টেল রোডস্থ খালপাড়ের ঝোঁপের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ২৫(পঁচিশ) রাউন্ড শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শটগানের তাজা কার্তুজগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
