বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ বিশ্ব ব্রাজিলের আমাজন জঙ্গল থেকে বেরিয়ে এলো নতুন জনগোষ্ঠী

ব্রাজিলের আমাজন জঙ্গল থেকে বেরিয়ে এলো নতুন জনগোষ্ঠী

জনতা ডেস্ক : ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের গভীর জঙ্গল থেকে দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে বসবাস করা প্রায় ২০ জন আদিবাসী বেরিয়ে এসেছে। সোমবার (১৬ নভেম্বর) তারা একটি গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দা ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে। তাদের এই আকস্মিক উপস্থিতি আমাজনের আদিবাসীদের বসবাসের এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও বন ধ্বংসের ঝুঁকি নতুন করে সামনে এনেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, আমাজনে স্বেচ্ছায় বিচ্ছিন্নভাবে বসবাস করা আওয়া জনগোষ্ঠীর সদস্যরা সোমবার মারানহাও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী অঞ্চলের একটি গ্রামে আসে। সেখানে তাদের সঙ্গে সরকারি একটি দলের যোগাযোগ হয়। সংস্থাটি এ ঘটনাকে ঐতিহাসিক সাক্ষাৎ হিসেবে বর্ণনা করেছে।

ওই অঞ্চলটি মূলত গুয়াজাজারা জনগোষ্ঠীর আবাসস্থল। স্থানীয় নেতারা জানান, গ্রামবাসীরা আগত আদিবাসীদের খাবার দিতে চাইলে তারা কাসাভা বা কন্দজাতীয় খাবারের পরিবর্তে বিশেষভাবে ইয়াম বা মিষ্টি আলু চায়। পরে সেগুলো নিজেদের বনে নিয়ে যায়।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আওয়া জনগোষ্ঠীর মানুষ সাধারণত শিকার ও বন থেকে খাবার সংগ্রহ করে জীবনযাপন করে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের বসবাসের এলাকায় অবৈধ গাছ কাটা, শিকারি ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশ বেড়েছে। এতে তাদের চিরাচরিত জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে।

গুয়াজাজারা সম্প্রদায়ের বাসিন্দাদের ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। এতে নারী, পুরুষ ও শিশুদের জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের শরীরের বেশির ভাগ অংশে পোশাক ছিল না, গলায় ছিল মালা। পুরুষদের হাতে ছিল ধনুক ও লম্বা তির।

মারানহাও অঞ্চলের আদিবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন কোয়াপিমা জানিয়েছে, দলটির কয়েকজন সদস্যের শারীরিক অবস্থা উদ্বেগজনক। বিশেষ করে শিশু ও বয়স্কদের অনেককে অত্যন্ত শীর্ণকায় দেখাচ্ছিল।

সংগঠনটি সতর্ক করে বলেছে, এ ধরনের আকস্মিক যোগাযোগ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। কারণ বাইরের মানুষের সংস্পর্শে এসে এমন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যেসব রোগের বিরুদ্ধে তাদের শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা নেই।

ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, তাদের কারিগরি দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ওই জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বসবাসের বনে অব্যাহত অনুপ্রবেশের কারণে তাদের নিজেদের আবাসস্থল ছেড়ে বেরিয়ে আসতে হচ্ছে। এটি তাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমাজনের বন ধ্বংসের ফলে তারা ক্রমেই ছোট হয়ে আসা বনাঞ্চলের মধ্যে আটকে পড়ছে।

সংস্থাটির হিসাবে, বিশ্বের ১০টি দেশে স্বেচ্ছায় বিচ্ছিন্নভাবে বসবাস করা প্রায় ১৯৬টি আদিবাসী জনগোষ্ঠী ও গোষ্ঠীর সন্ধান পাওয়া গেছে। তাদের ৯০ শতাংশের বেশি আমাজন অঞ্চলে বসবাস করে। এর অধিকাংশই ব্রাজিলে। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ভারতেও এমন জনগোষ্ঠী রয়েছে।

এদিকে গুয়াজাজারা জনগোষ্ঠীর একটি অংশ ‘ফরেস্ট গার্ডিয়ানস’ নামে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তাদের অভিযোগ, জলবায়ু পরিবর্তন, দাবানল, বন উজাড় ও ভূমি দখল আওয়া জনগোষ্ঠীর জীবনযাত্রাকে বিপন্ন করছে। সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, আওয়াদের সঙ্গে একই ভূখণ্ড রক্ষায় লড়াই করতে গিয়ে ফরেস্ট গার্ডিয়ানসের অনেক সদস্য প্রাণ হারিয়েছেন।

সূত্র : এএফপি

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা