এইচ এন আলম, কক্সবাজার : রাজধানী ঢাকার নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খান। তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে নিকেতনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এসআরবির একটি সূত্র তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নিকেতন এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় নিজ বাসা থেকে রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়।
রানা তাজউদ্দিন খানের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোর গ্রামে। তার বাবা সুরুজ আলী খান এবং মা মনোয়ারা আক্তার।
উল্লেখ্য, রানা তাজউদ্দিন খান কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির মেয়ের জামাতা।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের মনোনয়নে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
