শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাভারে নকল হানিফ পরিবহনে নাশকতার ছক! শ্রমিক লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

 জব্দ বাস

সাভারে নকল হানিফ পরিবহনে নাশকতার ছক! শ্রমিক লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সাভার থেকে, ফাহাদ-ই-আজমঃ যাত্রীবাহী বাসের আদলে নকল হানিফ পরিবহনের ব্যানার, সঙ্গে পেট্রোলভর্তি মশাল ও ঝটিকা মিছিলের প্রস্তুতি—এভাবেই সাভারের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা চলছিল বলে দাবি পুলিশের। এমন অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাভার মডেল থানা পুলিশ। এ সময় নাশকতার কাজে ব্যবহারের অভিযোগে একটি বাসসহ পেট্রোল, মশাল, ব্যানার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার। পুলিশের দাবি, জব্দ করা বাসটির মালিকও তিনি।

পুলিশ জানায়, কয়েকদিন ধরে হানিফ পরিবহনের রং ও পরিচিতি ব্যবহার করে একটি বাস সাভারের বিভিন্ন এলাকায় ঘুরে ঝটিকা মিছিল ও যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা চালাচ্ছিল। তবে বাসটি প্রকৃত হানিফ পরিবহনের নয়। নকল ব্যানার ব্যবহার করে বাসটিকে পরিবহনের আদলে সাজানো হয়েছিল। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর বাসটির গতিবিধি অনুসরণ করছিল পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজধানীর গাবতলী এলাকায় চলন্ত অবস্থায় একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলে পুলিশের কাছে খবর আসে। তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজনদের ধাওয়া করলে তারা আগুন দিতে ব্যর্থ হয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বাসে করে ঢাকার দিকে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ একাধিক দল নিয়ে তাদের পিছু নেয়। বলিয়ারপুর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে বাসটির গতিরোধের চেষ্টা করা হয়। একপর্যায়ে ডিবি পুলিশের দল রাজফুলবাড়িয়া এলাকায় বাসটি আটক করে।

অভিযানকালে বাস থেকে পেট্রোল, পেট্রোলভর্তি মশাল, বস্তা কেটে তৈরি মশাল, বাঁশের সঙ্গে বাঁধা মশাল, ব্যানার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়। পরে ট্যানারি ফাঁড়ি পুলিশ হেমায়েতপুর এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ছয়জনে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, নকল হানিফ পরিবহনের পরিচয়ে বাসটি ব্যবহার করে সাভারের বিভিন্ন স্থানে মিছিল ও অগ্নিসংযোগের চেষ্টা চালানোর তথ্য পুলিশের কাছে ছিল। বাসটির ছবি ও গতিবিধি নিয়ে আগেই অনুসন্ধান চলছিল। গাবতলীতে অগ্নিসংযোগের চেষ্টার খবর পাওয়ার পর পুলিশ ধাওয়া করে রাজফুলবাড়িয়া এলাকায় বাসটি আটক করে।

ওসি আরও জানান, গ্রেপ্তার রুবেল হাওলাদার তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং জব্দ করা বাসটির মালিক। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বাসটিতে থাকা অন্যদের পরিচয়, নাশকতার পরিকল্পনা এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা