রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

রূপগঞ্জ থেকে মাসুদ করিম : রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন ওরফে সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাওন ওই এলাকার শাহ আলমের ছেলে।
এসআরবি জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় দেশীয় তৈরি গুলিভর্তি পেনগান কেনাবেচার খবর পেয়ে এসআরবি-৩-এর একটি দল অভিযান চালায়।

এ সময় ইসাক রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি করে দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাওন ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার শাওনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করে এসআরবি।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা