পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ জুন) বেলা ১২টার দিকে উপজেলা কৃষি হল রুমে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা। এছাড়া বক্তব্য রাখেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, ইন্দুরকানী থানার (ওসি) তদন্ত আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মশিউর রহমান, কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হীরা খাতুন প্রমুখ।
কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থের পরিমাণ তিন লাখ টাকার মধ্যে হলে কোনো চুক্তি, রশিদ বা অন্যান্য দলিলের ভিত্তিতে প্রাপ্য অর্থ আদায়ের মামলা গ্রাম আদালতে করা যায়। এছাড়া অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা তার মূল্য আদায়, স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বছরের মধ্যে দখল পুনরুদ্ধার, অস্থাবর সম্পত্তি জবরদখল এবং স্ত্রীর ভরণপোষণ সংক্রান্ত মামলাসহ বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে।
তারা আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হবে, একই সঙ্গে উচ্চ আদালতের ওপর মামলার চাপও কমবে। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবাসমূহ সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
