শাহাব উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে অবৈধ মজুদ করা বালুর পয়েন্টের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পৃথক পয়েন্ট থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরই ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সঙ্গে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সঙ্গীয় ফোর্স।
অভিযান সূত্রে জানা যায়, সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু মজুদ করে রাখা হয়েছিল। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সাতটি পয়েন্ট থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করে। একসঙ্গে এত বিপুল পরিমাণ বালু জব্দের ঘটনায় এলাকায় বিষয়টি আলোচনার সৃষ্টি করেছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানায়,লামা উপজেলায় যোগদানের পর অবৈধ বালুর পয়েন্টের বিরুদ্ধে এটি তাঁর প্রথম অভিযান। পর্যায়ক্রমে উপজেলার সব অবৈধ বালুর পয়েন্টে অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন। অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে লামার প্রাকৃতিক সম্পদ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
