ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে সর্বোচ্চ তৎপরতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।
রোববার (২৬ জুলাই) ১৬ এপিবিএন সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার শেখ মো. জিয়াউল ইসলামসহ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় অধিনায়ক উপস্থিত সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয় ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি আইনানুগ আদেশ যথাযথভাবে পালন, শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত ড্রেস কোড অনুসরণ করে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকল সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে সব ক্যাম্পকে অধিক সক্রিয় ও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, ১৬ এপিবিএনের কল্যাণ তহবিল থেকে দুই পুলিশ সদস্যকে নিজ ও পরিবারের চিকিৎসা ব্যয়ের জন্য মোট ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া কুখ্যাত ডাকাত দেলোয়ারকে সাহসিকতার সঙ্গে গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় লেদা ক্যাম্পের ইন্টেলিজেন্স কনস্টেবল মো. খায়রুল কবিরকে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
