মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীসহ ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীসহ ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ককসবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজারের মহেশখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ ৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর মহেশখালী থানায় মামলাটি করেন থানার মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মোজাহারুল ইসলাম। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারার উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী-শাপলাপুর সড়কের কুদ্দুস চেয়ারম্যানের খামারবাড়ির সামনে একদল লোক মিছিল ও অবস্থান করছিলেন বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যান। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং মিছিলের ভিডিও পর্যালোচনার মাধ্যমে আসামিদের নাম-ঠিকানা শনাক্ত করা হয়েছে বলে পুলিশের এজাহারে দাবি করা হয়েছে।

পুলিশের অভিযোগ, ওই মিছিল ও অবস্থানের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার, রাষ্ট্রের ক্ষতিসাধনের চেষ্টা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা, অর্থায়ন, আশ্রয় ও প্ররোচনার মতো অপরাধ সংঘটিত হয়েছে। একই দিন সন্ধ্যা ৬টার দিকে মাতারবাড়ী ইউনিয়ন এলাকাতেও সরকারবিরোধী মিছিলের অভিযোগ আনা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা ৫৩ জন হলেন—কালারমারছড়ার মজিবুল হাসান মুজিব, কক্সবাজারের মঈন উদ্দিন, মাতারবাড়ীর সোলাইমান ফারাবি, বড় মহেশখালীর সাদিয়ার আলম রাসেল, কালারমারছড়ার মোহাম্মদ সজীব, মো. সজীব, মাতারবাড়ীর শাহ আনোয়ার ছিদ্দিক, নাইমুর রহমান টনি, কালারমারছড়ার মাসুদুর করিম রানা, শাপলাপুরের সাইফুল ইসলাম, কালারমারছড়ার আতিক, সেলিম ও ভুট্টু, মাতারবাড়ীর আব্দুল্লাহ আল নোমান, ফয়েজ উদ্দিন তারিম, শাহ আনোয়ার ছিদ্দিকী, শাখাওয়াত রানা, মো. জকরিয়া, মো. সুলতান, মো. আব্দুল্লাহ আল কাইয়ূম, সালাউদ্দিন সুজন, রাকিবুল ইসলাম রাকিব, সাজ্জাদ বাঙ্গালী, অহিদুল কাদের অহিদ, মো. শাহরিয়া, মো. তানজীদ, কালারমারছড়ার আবুল কালাম ও নেজাম উদ্দিন, মাতারবাড়ীর মো. ছমি উদ্দিন, মাহমুদুল্লাহ মাস্টার, রুহুল কাদের হৃদয়, মো. মোক্তার, আব্দুর রউফ, আব্দুর রহিম, শাপলাপুরের ওয়াহিদুল কবির নোবেল, শেফায়েত হোসেন তানিম, সাদেক হোসেন, কালারমারছড়ার বেলাল হোসেন, মাতারবাড়ীর টিপু সুলতান, তানভীর, তানজিদ, মানিক খান, মো. রিয়াজ, জসীম উদ্দিন, মো. রাকিব, আব্দুল মজিদ, শাপলাপুরের সাইফুল ইসলাম, শেফায়েত হোসেন তানিম, মো. নকিব, সজিবুল ইসলাম নয়ন, হোয়ানকের খোরশেদ আলম এবং কালারমারছড়ার শাহীন মোহাম্মদ কামরুজ্জামান।

এজাহারে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

তবে মামলার এজাহারে একজন ব্যক্তির নাম দুইবার এসেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ছাত্রলীগের সদস্য বা সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদেরও মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

মামলার বিষয়ে মহেশখালী থানা পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা