শনিবার | নভেম্বর ১৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধনবাড়ীতে প্রশাসনের ঝটিকা অভিযান, রাত ৮ টায় দোকান বন্ধের নির্দেশ

ধনবাড়ীতে প্রশাসনের ঝটিকা অভিযান, রাত ৮ টায় দোকান বন্ধের নির্দেশ

হাবিবুর রহমান,মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: সন্ধ্যার পর শিক্ষার্থীদের অযথা বাইরে ঘোরাফেরা নিরুৎসাহিত করা, পড়াশোনায় মনোযোগী করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাত ৮ টার পরে উপজেলার সকল দোকানপাট বন্ধ রাখার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সমন্বিত ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সন্ধ্যার পর শিক্ষার্থীদের অযথা ঘোরাফেরা বন্ধে ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযানে ৭ ইউনিয়ন ও ১ পৌরসভায় একযোগে তদারকি, দায়িত্ব পালনে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও গ্রাম পুলিশকে নির্দেশনা প্রদান করে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের আশানুরূপ ফলাফল অর্জিত না হওয়ায় তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরির বিষয়টিও এ উদ্যোগের অন্যতম প্রেক্ষাপট।

টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের নির্দেশনা ও সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথীর নেতৃত্বে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে চারটি পৃথক অভিযান দল গঠন করা হয়। প্রতিটি দলের সঙ্গে ধনবাড়ী থানার দুইজন পুলিশ সদস্য এবং একজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করেন। অভিযান পরিচালনার জন্য গঠিত দলগুলোর মধ্যে ধনবাড়ী পৌরসভা ও ধোপাখালী ইউনিয়নে নেতৃত্ব দেন ইউএনও নূরজাহান আক্তার সাথী। এ দলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ দায়িত্ব পালন করেন। যদুনাথপুর ও বানিয়াজান ইউনিয়নে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার। বীরতারা ও পাইস্কা ইউনিয়নে দায়িত্বে ছিলেন উদ্যানতত্ত¡বিদ ও সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)। মুশুদ্দি ও বলিভদ্র ইউনিয়নে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার।

অভিযানকালে উপজেলার বিভিন্ন বাজার, চায়ের দোকান, পাড়ার মোড়, স্কুল-কলেজের মাঠ, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এবং অন্যান্য জনসমাগমস্থল পরিদর্শন করা হয়। বিশেষভাবে দেখা হয়, সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীরা অযথা চায়ের দোকান, কেরাম খেলার আসর, বাজার কিংবা বিভিন্ন আড্ডাস্থলে সময় কাটাচ্ছে কি না। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করে পড়ার টেবিলে সময় কাটানো, নিয়মিত পড়াশোনা করা এবং বিদ্যালয়ে উপস্থিত থাকার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

সাম্প্রতিক এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত না হওয়ার বিষয়টি তুলে ধরে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়। অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গ্রাম পুলিশকে শিক্ষার্থীদের সন্ধ্যাকালীন চলাফেরা পর্যবেক্ষণ এবং তাদের পড়াশোনামুখী করতে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া চায়ের দোকানে টেলিভিশনে অশ্লীল ও অনুপযুক্ত অনুষ্ঠান প্রদর্শন করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হয় এবং ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট দলগুলো নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদে গিয়ে প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে।

এ সময় শিক্ষার্থীদের সন্ধ্যার পর অযথা ঘোরাফেরা নিরুৎসাহিত করা, তাদের পড়াশোনামুখী করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তাঁদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি, এ কার্যক্রম নিয়মিত মনিটরিং ও তদারকির আওতায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী উপজেলা প্রশাসনকে অবহিত করার বিষয়ে তাঁদের নির্দেশনা ও ব্রিফিং দেওয়া হয়।

অভিযানকালে স্থানীয় জনগণ ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। তাঁরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা ও সন্ধ্যার পর অযথা ঘোরাফেরা বন্ধে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, এর আগে গত ৮ ও ৯ নভেম্বর ইউএনও নূরজাহান আক্তার সাথী ধনবাড়ী থানা পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় প্রাথমিকভাবে ঝটিকা অভিযান পরিচালনা করেন। ওই অভিযানগুলোর কার্যক্রম উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হলে স্থানীয় জনগণ ইতিবাচক প্রতিক্রিয়া জানান এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এলাকাবাসীর এ সাড়া ও উৎসাহে অনুপ্রাণিত হয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরামর্শক্রমে বৃহত্তর পরিসরে সমন্বিত অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়।

শিক্ষার্থীদের পড়াশোনামুখী করার পাশাপাশি অভিযানে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ এবং একটি শিক্ষাবান্ধব ও নিরাপদ সমাজ গড়ে তুলতে এ ধরনের সমন্বিত উদ্যোগ ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইউএনও নূরজাহান আক্তার সাথী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা