নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপটিউবওয়েল স্থাপন প্রকল্পে অনিয়ম ও ঘুস গ্রহণের অভিযোগ উঠেছে। ১২৫টি ডিপটিউবওয়েল বরাদ্দের বিপরীতে ২৮টির অস্তিত্ব বা প্রকৃত অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের না দিয়ে কিছু ডিপটিউবওয়েল অন্যত্র স্থাপন করা হয়েছে। এ ছাড়া সরকারি নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ করেছেন সুবিধাভোগীরা। ৯৭ টি ডিপটিউবওয়েলের গোড়া পাকা করার কাজও অসম্পূর্ণ রয়েছে।
২০২২-২৩ অর্থবছরে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় (টেন্ডার আইডি-৮৬৬৩৪৭, প্যাকেজ নম্বর-ARRP-১৫০/১) কালিয়া উপজেলায় ১২৫টি ডিপটিউবওয়েল স্থাপনের বরাদ্দ দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন অনুসন্ধানে ৯৭টি ডিপটিউবওয়েলের অস্তিত্ব পাওয়া গেছে। বাকি ২৮টির কোনো হদিস মেলেনি এবং গোড়া পাকা করেনি ।
বাবরা হাচলা ইউনিয়নের আনসার সদস্য নুরুল হক বলেন, ২০২৩ সালে তাঁর নামে একটি ডিপটিউবওয়েল বরাদ্দ দেওয়া হলেও এখনো তিনি তা পাননি। তাঁর অভিযোগ, অন্য ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাঁর নামে বরাদ্দ করা ডিপটিউবওয়েলটি অন্যত্র স্থাপন করা হয়েছে।
বাঐসোনা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সোহাগ অভিযোগ করেন, তাঁর ভাই মো. নাসির শেখের নামে ডিপটিউবওয়েল বরাদ্দ পেতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের মেকানিক সাহাবুল ইসলামকে প্রথমে ১৫ হাজার এবং পরে আরও ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। ডিপটিউবওয়েল স্থাপন করা হলেও এর গোড়া পাকা করার কাজ এখনো শেষ হয়নি।
মাউলী ইউনিয়নের আরেক ভুক্তভোগী বিপ্লব দাস বলেন, ‘ডিপটিউবওয়েল স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের মেকানিক বরুন দাসকে ২৫ হাজার টাকা দিয়েছি। তিনি ডিপটিউবওয়েল স্থাপন করে দিলেও গোড়া পাকা করে দেননি। এ বিষয়ে জানতে চাইলে পরে করে দেবেন বলে জানান। কিন্তু কবে করবেন, তা বলেন না।’
স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্ধারিত ৭ হাজার টাকার পরিবর্তে কোনো কোনো সুবিধাভোগীর কাছ থেকে ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এমকি ডিপটিউবওয়েলের গোড়া পাকা করার কাজও না করে চলে গেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পটির আওতায় ১২৫টি ডিপটিউবওয়েল স্থাপনের কাজ পায় সাতক্ষীরাভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ। ঠিকাদার লিটন বলেন, ‘অফিস শতভাগ কাজ বুঝে নিয়ে আমাদের বিল পরিশোধ করেছে। কার নামে বরাদ্দ ছিল, কে পেয়েছে আর কে পায়নি—এসব বিষয়ে অফিসই ভালো বলতে পারবে।’
মেকানিক সাহাবুল ইসলামের কাছে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। ডিপটিউবওয়েলের গোড়া পাকা না করার বিষয়ে তিনি বলেন, ‘গোড়া পাকা করার কাজ আমার নয়, ঠিকাদারের।’
অন্যদিকে মেকানিক বরুন দাসও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। গোড়া পাকা না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘১২৫টি ডিপটিউবওয়েলের একটিও পাকা হয়নি কেন, তা স্যার বলতে পারবেন।’
কালিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিঠুন রায় বলেন, ‘আমার জানা মতে, বরাদ্দ পাওয়া সব বাড়িতেই ডিপটিউবওয়েল স্থাপন করা হয়েছে। কোনো বাড়ি বাদ পড়েনি।’ কোন কাজ অসম্পূর্ণ নেই।
তবে সহকারী প্রকৌশলী খালিদ আহমদ উসমানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলাম না। আপনার মাধ্যমে জানতে পারলাম। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নড়াইল জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। আপনার মাধ্যমে জানতে পারলাম। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রকল্পের আওতায় বরাদ্দ পাওয়া ডিপটিউবওয়েল স্থাপন নিয়ে এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের তালিকা যাচাই, বরাদ্দ ও বাস্তবায়নের তথ্য প্রকাশ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে বরাদ্দ পেয়েও যাঁরা ডিপটিউবওয়েল পাননি, তাঁদের দ্রুত তা স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
