শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রত্যয় নেতাদের

পটিয়ার জিরি ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা:

তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রত্যয় নেতাদের

নিজস্ব সংবাদাতা পটিয়া: চট্টগ্রামের পটিয়া উপজেলার ৭নং জিরি ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা। একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

জিরি ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক নূর হোসেন সওদাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নেজাম উদ্দিন সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক পল্লী চিকিৎসক মোহাম্মদ খোরশেদ আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম বাবুল। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবনেতা এম ইরফান হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় পার্টিকে আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় নিতে হলে তৃণমূল পর্যায় থেকেই দলকে সুসংগঠিত করতে হবে। দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে জাতীয় পার্টি আবারও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

বক্তারা আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একজন সৎ, পরিচ্ছন্ন ও সুনামধন্য রাজনীতিবিদ। তিনি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে অবিচল থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এ সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন বক্তারা। তাঁরা বলেন, এরশাদের শাসনামলে দেশের মানুষ শান্তিতে ও নিরাপদে জীবনযাপন করতে পারত। দেশ ও জনগণের কল্যাণে তিনি বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছিলেন।

পটিয়ার উন্নয়ন প্রসঙ্গে বক্তারা বলেন, জাতীয় পার্টির শাসনামলে পটিয়ায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং পটিয়া বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা তাঁরা তুলে ধরেন।

নতুন কমিটি অনুমোদন
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ৭নং জিরি ইউনিয়ন জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা। উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবং পটিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী নুরুল ইসলামের সুপারিশক্রমে নতুন কমিটিটি অনুমোদন দেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে নূর হোসেন সওদাগর, সাধারণ সম্পাদক হিসেবে নেজাম উদ্দিন সওদাগর এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ ইয়াকুবের নাম ঘোষণা করা হয়।

কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইদ্রিস সওদাগর, আজিজ সওদাগর, আবু বকর সওদাগর ও সুবেদার সওদাগর। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবদুছ ছালাম এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার সওদাগর।

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল হাকিম ও মোহাম্মদ শাহ আলম। অর্থ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ সেকান্দর, প্রচার সম্পাদক মোহাম্মদ নাছির এবং ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইউছুফ।
কমিটির সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন নুরচ্ছফা সরকার, মনির আহমদ (সাবেক চেয়ারম্যান), ফরহাদ বাবুল ও সিরাজুল ইসলাম (স্টীল)।

এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ মাহফুজ, মোহাম্মদ ইদ্রিস (ভোলা), মোহাম্মদ আও সওদাগর, আবদুল হক, মোহাম্মদ আবাহার, মোহাম্মদ আবদুস সাত্তার, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলী, মোহাম্মদ দিদার, দীপক নাথ, নাজিম উদ্দিন ও মোহাম্মদ আলী।

সম্মেলনের শেষ পর্যায়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা