মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ভালুকা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ভালুকা, থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরা আজমপুর ও ময়মনসিংহের ভালুকার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ (৩২), সহসভাপতি সাখাওয়াত হোসেন (৩১), পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রোহান (৩০), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাজিদ (২৮), উপজেলা ছাত্রলীগ নেতা তসলিম মিয়া (৩০), সাকিব সাহান কাওছার (২০), মেহেদী হাসান (১৯) এবং ভালুকা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাহাতুল ইসলাম ইশান (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার একটি বাসায় অভিযান চালায় গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই রাতে ভালুকা মডেল থানা পুলিশ উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে কাওছার ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার ছয়জনকে গাজীপুর ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে। অপরদিকে, ভালুকা থানা পুলিশের হাতে গ্রেপ্তার কাওছার ও মেহেদী হাসানকে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা