মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎মোটরসাইকেলে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

‎মোটরসাইকেলে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

উখিয়া কক্সবাজার থেকে ‎আবু বক্কর সিদ্দিক : ‎কক্সবাজারের সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ ৬ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

‎​গ্রেপ্তারকৃতরা হলেন— রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) এবং কক্সবাজার সদরের ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।

‎​এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র কক্সবাজারের দিকে আসছে।

‎এই তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কক্সবাজার সদর থানাধীন লিংক রোড রেলক্রসিং এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল।

‎​পরে সন্দেহভাজন মোটরসাইকেলটির গতি রোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়।

‎​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আলামতসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা