নোয়াখালী থেকে ওমর ফারুক : দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মাইজদী শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশকে কেন্দ্র করে শহীদ মিনার চত্বরের আশপাশে নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি ছলিম উল্লাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাছেল, জেলা যুবদলের সদস্য সচিব নুরুল আমিন খান, জেলা কৃষকদলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। তারা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমানে একটি দল স্বৈরাচারকে দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। তাদের প্রতিহত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নিজেদের মধ্যে কোনো নতুন দল বা বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি
এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।
