বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেটের বিশ্বনাথে জমি নিয়ে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামবাসী। মাইকিং করে তারা সংঘর্ষে জড়ান বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামবাসীর মধ্যে ভুরকি বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।আহতদের মধ্যে রয়েছেন লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান, আব্দুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ, হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদি উদ্দিন ও আলিম উদ্দিন।
গুরুতর আহতদের কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি শান্ত ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামের লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে রবিবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে দুই পক্ষের লোকজন মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪৫ জন আহত হন।সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বললেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
