মো.নূর আলম ভূইয়া : রাজধানীর শাহআলী এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০৫টি সুইচ গিয়ার চাকুসহ মোঃ রেজাউল করিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫-অক্টোবর) ডিএমপির শাহআলী থানাধীন শাহআলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারের পর তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (৬-অক্টোবর) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দা মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল জানতে পারে, ডিএমপির শাহআলী থানাধীন শাহআলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক ব্যক্তি গোপনে সুইচ গিয়ার চাকু উঠতি কিশোর ও ছিনতাইকারীদের কাছে বিক্রি করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগের বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মোঃ রেজাউল করিমকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে বিভিন্ন রং ও সাইজের মোট ১০৫টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
গোয়েন্দা মিরপুর বিভাগ সূত্রে আরও জানা যায়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে জিজ্ঞাসাবাদে রেজাউল করিম স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে এসব চাকু বিক্রি করে আসছিল।
উক্ত ঘটনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে এ ধরনের ধারালো অস্ত্রের সরবরাহ বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
