মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহে পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য ৩৮ বোতল ফেয়ারডিল ও ৫০ বোতল উইনকেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কাশিপুর রেলগেট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতাররা হলেন—মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের আতর আলী শেখের ছেলে মো. শিমুল হোসেন (৩৪), একই গ্রামের ফিরোজ শেখের ছেলে মো. রাসেল (২৭) এবং বলিতাপাড়া গ্রামের মুনজের আলীর মেয়ে মনোয়ারা খাতুন (৩৭)।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৩৮ বোতল ফেয়ারডিল ও ৫০ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়।
এসআরবি-৬ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামিম মুবীন সরকার সুমন বিষয়টি নিশ্চিত করেছে।
