বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট বিশ্বনাথে শিক্ষক দম্পতির বাসায় চুরি

বিশ্বনাথে শিক্ষক দম্পতির বাসায় চুরি

বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেটের বিশ্বনাথে এক শিক্ষক দম্পতির বাসায় রহস্যজনক চুরির অভিযোগ উঠেছে। তালাবদ্ধ একটি ড্রয়ারের তালা অক্ষত থাকা অবস্থায় ওই ড্রয়ার থেকে নগদ টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। সব মিলিয়ে খোয়া যাওয়া মালামালের মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ নতুনবাজার-রামপাশা সড়কের মটুককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র তালুকদারের বাসায় এ ঘটনা ঘটে।অমল চন্দ্র তালুকদার জানান, তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নমিতা রাণী দাসের চিকিৎসার জন্য বাসার একটি ড্রয়ারে ১ হাজার ৩০০ মার্কিন ডলার, ২৫ হাজার রুপি ও নগদ ২৫ হাজার টাকা রাখা ছিল। একই ড্রয়ারে প্রায় দুই ভরি স্বর্ণালংকারও ছিল। চোর এসব নিয়ে গেছে বলে অভিযোগ তাদের।
পরিবার জানিয়েছে, ঘটনার সময় তাদের কলেজপড়ুয়া মেয়ে বাসায় স্নান করছিলেন।

আর স্কুলপড়ুয়া ছেলে মাত্র ১০ মিনিটের জন্য বাইরে গিয়েছিল। এই সময়ের মধ্যেই চুরির ঘটনা ঘটে বলে তারা জানান। তবে বাসায় মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান সামগ্রী এবং একটি স্টিলের আলমিরা থাকলেও সেগুলোতে কোনো ধরনের হাত দেওয়া হয়নি। শুধু তালাবদ্ধ ড্রয়ারের ভেতরে থাকা টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারই চুরি হয়েছে বলে দাবি পরিবারের।

চুরির পর ড্রয়ারটির তালাও অক্ষত অবস্থায় পাওয়া যায়। বাসায় জোর করে প্রবেশ বা চুরির দৃশ্যমান কোনো আলামতও পাওয়া যায়নি। ফলে তালা না ভেঙে কীভাবে ড্রয়ারের ভেতর থেকে টাকা ও স্বর্ণালংকার সরিয়ে নেওয়া হলো, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।অমল চন্দ্র তালুকদার বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য ওই টাকাই ছিল তাদের শেষ সম্বল। চোর তার স্ত্রী, ছেলে ও মেয়ের স্বর্ণালংকারও নিয়ে গেছে।কয়েক দিনের মধ্যেই স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতে নেওয়ার প্রস্তুতি ছিল। চুরির ঘটনায় তারা এখন অসহায় হয়ে পড়েছেন। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চুরি যাওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান।বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, চুরির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা