শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ বাণিজ্য দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

জনতা ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আজ বুধবার বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাসসকে বলেন, ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর চিঠির পরিপ্রেক্ষিতে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানিয়েছে।

অন্যদিকে, বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান বাসসকে জানান, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন। সেই অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা