টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ নিজের স্বপ্ন পুরণ এবং পরিবারের স্বচ্ছলতা আনার জন্য দুই বছর আগে পাড়ি জমান প্রবাসে। সেখানে লাশ হতে হবে জানা ছিলনা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে সৌদি আরবে দ্রুতগামী একটি প্রাইভেটকার চাপায় আনোয়ার হোসেন (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে।পরিবার থেকে এ তথ্য জানা গেছে।
নিহত আনোয়ার হোসেন ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে। পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে দুই বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন আনোয়ার। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা আহাজারি শুরু করে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ও সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা।
নিহতের বড় ভাই সানোয়ার হোসেন বলেন , ৩ ভাইয়ের মধ্যে আনোয়ার ছিল মেজো।ব্যবসায় লোকসান ও ঋণের চাপে পাড়ি জমান সৌদিতে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রবাসে গিয়ে এখন লাশ হলেন।
নিহত আনোয়ার বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। দুঃসময়ে ছাত্রদল ও যুবদলের সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়েছেন। এমন একজন তরতাজা যুবকের আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।সাগরদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এসব কথা বলেন।
