শুক্রবার | অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পুলিশের হয়রানির প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

পুলিশের হয়রানির প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ গাজীপুরের কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। মহাসড়কের বোর্ডঘর এলাকায় সড়ক অবরোধ করে তারা ওই কর্মসূচি পালন করেন।

প্রায় আধাঘণ্টা অবরোধের পর তারা সড়ক থেকে সড়ে গেলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা জানান, দীর্ঘদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলরত অটোরিকশা চালকদের নানাভাবে হয়রানি করে আসছে হাইওয়ে পুলিশ। মাঝে মধ্যে অটোরিকশা আটকে তা ডাম্পিং করা হয়। এছাড়া অটোরিকশা আটক করে ২৬’শ টাকা আদায় করা হয়।

নানা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে শুক্রবার বেলা ১১টার দিকে মহাসড়কের বোর্ডঘর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। তারা বলেন, হাইওয়ে পুলিশ শুধু শুধু রাস্তায় হয়রানি করে, আবার মাঝে মধ্যে ২৬০০ টাকার মামলা দেয়। মামলা দিলেও মামলার কোনো রশিদ দেয় না। এর প্রতিবাদ করলে রিকশা ডাম্পিংয়ে দেওয়ার হুমকি দেয় পুলিশ। আমরা এর প্রতিকার চাই।’

এদিকে, সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও গাড়ি চালকরা।

কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেন।

ওসি শহিদুল ইসলাম বলেন , ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা আন্দোলন করছেন এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা