বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে দুই দিনে সোয়া কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৩

টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে দুই দিনে সোয়া কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৩

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে মাদক পাচারের অভিনব কৌশলও শেষ পর্যন্ত কাজে আসেনি। মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে গোপন চেম্বার, সিএনজির পেছনের অংশ এবং চালকের আসনের নিচে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করেও রেহাই পাননি তিন চালক। উখিয়া ৬৪ বিজিবির পৃথক তিনটি অভিযানে দুই দিনে ৪২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে বুধবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত হোয়াইক্যং চেকপোস্টে এসব অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে হোয়াইক্যং থেকে রামুগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে খাকিরঙা প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক টেকনাফের নোয়াপাড়া গ্রামের মোহাম্মদ হোছনের ছেলে আবদুর রহমানকে (২৩) আটক করা হয়। এ চালানের আনুমানিক মূল্য ৬৭ লাখ ২০ হাজার টাকা।

একই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে একই চেকপোস্টে আরেকটি সিএনজিতে তল্লাশি চালিয়ে পেছনের অংশে তৈরি গোপন চেম্বার থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় উখিয়ার বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ কবির আহমেদের ছেলে নুরু রহিমকে (২৫) আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

এরপর বুধবার সকাল ৯টা ১০ মিনিটে হোয়াইক্যং থেকে রামুগামী অপর একটি সিএনজিতে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় চালকের আসনের সিট কভারের নিচে লুকানো অবস্থায় আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফের রইক্যং গ্রামের মোহাম্মদ আবদুল হকের ছেলে আনোয়ার ইসলামকে (২০) আটক করা হয়। এ চালানের বাজারমূল্যও আনুমানিক ৩০ লাখ টাকা।

বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা হোয়াইক্যং থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি সিএনজি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এক নজরে অভিযানের হিসাব: দুই দিনে তিনটি অভিযান, ৪২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার, আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা এবং আটক তিনজন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা