বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধামঘরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা দুলাল সরকার

বাড়ছে জনসম্পৃক্ততা :

ধামঘরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা দুলাল সরকার

মো. রাসেল মিয়া, ​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৬ নম্বর ধামঘর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দুলাল সরকার। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং দুর্দিনে স্থানীয় মানুষের পাশে থাকার কারণে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ দিন দিন বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল সরকার দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সরব ভূমিকা পালনের পাশাপাশি তিনি ধামঘর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে নিয়মিত অংশ নেন। নিজ উদ্যোগে এলাকার গ্রামীণ রাস্তাঘাট সংস্কার এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মো. দুলাল সরকার বলেন,​ধামঘর ইউনিয়নের মানুষ দীর্ঘকাল ধরে কাঙ্ক্ষিত নাগরিক সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত। আমি অতীতেও সুখে-দুঃখে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। দল যদি আমাকে মূল্যায়ন করে এবং ধামঘরবাসী সুযোগ দেন, তবে এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও রোল মডেল হিসেবে গড়ে তুলব।

নির্বাচনকে সামনে রেখে বসে নেই দুলাল সরকার ও তাঁর সমর্থকরা। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লায় নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন তাঁরা। এসব কর্মসূচিতে ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তাঁর অনুসারীরা।

এলাকার প্রবীণ ও তরুণ ভোটারদের মতে, সৎ, যোগ্য এবং বিপদে পাশে দাঁড়ানোর মতো নেতৃত্বই এখন সময়ের দাবি। তাঁরা আশা করছেন, সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে ধামঘর ইউনিয়নের অবকাঠামোগত ও জীবনযাত্রার মান বহুলাংশে উন্নত হবে। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন এবং ব্যালটের লড়াইয়ে কার অবস্থান কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা