চট্টগ্রাম প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের গুঞ্জন উঠলেও বিষয়টি নাকচ করেছেন জাতীয় যুব সংহতি চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতা এম ইরফান হোসেন।
তিনি বলেন, ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের অনেকে ফোন করে জানতে চাইছেন, তিনি এনসিপিতে যোগ দিয়েছেন কি না। তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তিনি।
এম ইরফান হোসেনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করেই এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ছবিতে থাকা ব্যক্তির চেহারার সঙ্গে তার কিছুটা মিল থাকলেও ওই ব্যক্তি তিনি নন।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, তিনি জাতীয় যুব সংহতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জাতীয় পার্টিতে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও দলটির সঙ্গেই থাকার কথা জানান তিনি।
এম ইরফান হোসেন বলেন, “ছবিতে থাকা ছেলেটিকে দেখতে কিছুটা আমার মতো মনে হতে পারে, কিন্তু তিনি আমি নই। আমি জাতীয় পার্টিতে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও জাতীয় পার্টির সঙ্গেই থাকব।”
তিনি রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ছবি বা তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান। পাশাপাশি বিভ্রান্তি এড়াতে যেকোনো তথ্যের সত্যতা যাচাই করে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
