আশুলিয়া থেকে জাহাঙ্গীর আলম রাজু : আশুলিয়া থেকে অপহৃত আট বছরের শিশু সাইমকে অপহরণের তিন দিন পর ময়মনসিংহের ভালুকা থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ অপহরণের সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত মোঃ নাদিম ওরফে হৃদয় (৩৩) ও তার দ্বিতীয় স্ত্রী আসমা আক্তারকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মনোহরপুর এলাকায় পরিচালনা করা একটি বিশেষ অভিযানে আসামিদের গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

উদ্ধার করা শিশু সাইম
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিম পাড়া গোচারটেক এলাকায় অবস্থিত ‘আলহাজ আব্দুর রশিদ মডেল স্কুল এন্ড কলেজ’ থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে প্লে-শ্রেণীর ছাত্র সাইম (৮) নিখোঁজ হয়। পরবর্তীতে অজ্ঞাতনামা অপহরণকারীরা শিশুটিকে অজ্ঞাত স্থানে জিম্মি করে রাখে এবং তার পরিবারের কাছে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনার পর শিশুর বাবা মোঃ নাছির উদ্দিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে মঙ্গলবার সকালে ভালুকার মনোহরপুর এলাকা থেকে মূলহোতা নাদিম ও তার স্ত্রী আসমাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে শিশু সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নাদিম ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার নেওকা গ্রামের মৃত গফুর মৃধার ছেলে।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর কাছে জানতে চাইলে তিনি জানান,”আইনি প্রক্রিয়া শেষ করে উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
