বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মেহেন্দিগঞ্জে বাজিৎখা খালের ব্রিজের বেহাল দশা: চরম ঝুঁকিতে পথচারী ও যানবাহন

মেহেন্দিগঞ্জে বাজিৎখা খালের ব্রিজের বেহাল দশা: চরম ঝুঁকিতে পথচারী ও যানবাহন

মোঃ মাহাবুবুর রহমান, বরিশাল থেকে ফিরে : বরিশালের মেহেন্দিগঞ্জ সদর উপজেলার বাজিৎখা খালের ওপর নির্মিত সংযোগ ব্রিজটির অত্যন্ত বেহাল দশা পরিলক্ষিত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই জরাজীর্ণ ব্রিজ দিয়েই প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয় শিক্ষার্থী, সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের।

সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, ব্রিজের সাইড রেলিং ও কাঠামোগত নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ও বাঁকা হয়ে পড়েছে। ধসে পড়ার আতঙ্কের মধ্যেই প্রতিদিন শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করছেন। হালকা ও মাঝারি কিছু যানবাহন কোনোমতে পার হতে পারলেও সবচেয়ে বেশি চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও নসিমন চালকেরা। ভারী বা পণ্যবাহী যানবাহন চলাচল এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ফলে থমকে গেছে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ব্রিজটির কঙ্কালসার অবস্থার কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্ষা মৌসুমে বা রাতে পারাপার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

জরুরি ভিত্তিতে এই ঝুঁকিপূর্ণ ব্রিজের সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের আশু দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা