বৃহস্পতিবার | অক্টোবর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ডাম্পার ট্রাক থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইকো পার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানের সময় একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন (Patron) ও ১ হাজার ৮০০ প্যাকেট অরিস (Oris) সিগারেট উদ্ধার করা হয়। পরে ডাম্পারটি জব্দ করা হয়।

এ সময় তৌহিদুল ইসলাম (২১) ও সাহেদুর ইসলাম নয়ন (২২) নামে দুইজনকে আটক করা হয়। তৌহিদুল ইসলাম রাঙ্গুনিয়ার নিশ্চিন্তপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে এবং সাহেদুর ইসলাম নয়ন একই উপজেলার শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে সিগারেটের চালানটি পাচার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।

আটক দুই ব্যক্তি, জব্দ করা সিগারেট ও ডাম্পার ট্রাক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা