শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজয়নগরে সৌদি নাগরিকের অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

বিজয়নগরে সৌদি নাগরিকের অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

মো. কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আল্লাহর ঘর মসজিদ নির্মাণে এগিয়ে এসেছেন সৌদি আরবের এক ব্যবসায়ী। তাঁর অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ। সৌদি নাগরিক হাইখাম বিন আহমেদ আল মাসরির অর্থায়নে নির্মিত মসজিদটির উদ্বোধন করা হয়েছে পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার মহেশপুর দক্ষিণপাড়া গ্রামে শত শত মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগে ওই স্থানে একটি জরাজীর্ণ নামাজঘর ছিল। সেখানে মুসল্লিদের জন্য পর্যাপ্ত অজুখানা, শৌচাগার ও পানির ব্যবস্থা ছিল না। এ অবস্থার কথা স্থানীয় ইউপি সদস্য ইসহাক মেম্বার পার্শ্ববর্তী গ্রামের আল-আমিন ডাক্তারকে জানান। পরে আল-আমিন ডাক্তার তাঁর প্রবাসী ভাই ইমামুল হকের মাধ্যমে সৌদি নাগরিক হাইখাম বিন আহমেদ আল মাসরির কাছে মসজিদ নির্মাণের জন্য সহযোগিতার অনুরোধ জানান। অনুরোধে সাড়া দিয়ে তিনি মসজিদ নির্মাণে অর্থায়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিজয়নগর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রচার সম্পাদক মাওলানা কবির আহমেদ, স্থানীয় ইউপি সদস্য ইসহাক মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল-আমিন ডাক্তার।

জুমার নামাজ শেষে সৌদি নাগরিকের অর্থায়নে প্রায় ২০০ মুসল্লির খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি মসজিদ নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপহারসামগ্রী প্রদান করা হয়। সৌদি নাগরিকের পক্ষে আল-আমিন ডাক্তার এসব খাবার ও উপহারসামগ্রী বিতরণ করেন।

নতুন মসজিদ নির্মিত হওয়ায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁরা সৌদি নাগরিক হাইখাম বিন আহমেদ আল মাসরির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, নতুন এই মসজিদ এলাকার মানুষের নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা