শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা আশুলিয়ায় ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ১১ কারখানায় ছুটি

আশুলিয়ায় ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ১১ কারখানায় ছুটি

আশুলিয়া প্রতিনিধি :  তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং বন্ধসহ একাধিক দাবিতে উত্তাল হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার সকালে প্রথমে নাঈম নিটওয়্যার কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন শুরু করেন। পরবর্তীতে তারা কারখানা থেকে বের হয়ে কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ চলাকালে উত্তেজিত শ্রমিকরা আশপাশের বিভিন্ন পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সাথে ধাওয়া-
পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় আন্দোলনরত শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক সদস্য গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল ১১টার মধ্যেই কাঠগড়া অঞ্চল ও এর আশপাশের অন্তত ১১টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কাঠগড়া আমতলা এলাকার একটি তৈরি পোশাক কারখানার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “পরিস্থিতি বিবেচনা করে আমাদের কারখানাসহ আশপাশের প্রায় সব কারখানা ছুটি দেওয়া হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।”উক্ত বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া কাছে জানতে চাইলে তিনি বলেন,ইটপাটকেলের আঘাতে তাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা