বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারে ডিবি পরিচয়ে ছাত্র ইউনিয়ন নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

পরিবারের মুক্তির দাবি :

কক্সবাজারে ডিবি পরিচয়ে ছাত্র ইউনিয়ন নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

রিয়াজ উদ্দিন, কক্সবাজার : কক্সবাজারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কক্সবাজার শহর সংসদের সভাপতি রাফায়েত উল্লাহ রোহানকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের নুনিয়াছড়ার বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছে তার পরিবার।

পরিবারের সদস্যদের অভিযোগ, রাতে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে বাসায় এসে রোহানকে নিয়ে যান। এ সময় তার বিরুদ্ধে কোনো মামলা, অভিযোগ কিংবা গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়নি। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানতে পারেন।

রাফায়েত উল্লাহ রোহান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কক্সবাজার শহর সংসদের সভাপতি। তার বাবা করিম উল্লাহ কলিম বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক।

পরিবারের দাবি, রোহানের বিরুদ্ধে কোনো মামলা নেই। কী কারণে এবং কোন অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়েও তাদের স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

রোহানকে আটকের বিষয়ে জানতে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে রাত গভীর হওয়ায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে পরিবারের অভিযোগ, রোহানকে তুলে নেওয়ার পাশাপাশি তার বাবা করিম উল্লাহ কলিমকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রোহানের মুক্তি দাবি করেছে পরিবার।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, বর্তমানে তিনি কোথায় আছেন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না—এসব বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা