মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : শিশুদের নির্মল আনন্দ, সুস্থ বিনোদন ও সৃজনশীল বিকাশের উপযোগী পরিবেশ গড়ে তুলতে কিশোরগঞ্জের উল্লাস ডিসি পার্কের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পার্কের আধুনিকায়ন কাজের ফলক উন্মোচন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক যুগে শিশুদের মানসিক বিকাশ এবং নাগরিকদের একটু ফুসরত ও স্বস্তির জন্য প্রাকৃতিক পরিবেশের প্রয়োজনীয়তা অপরিসীম। সেই লক্ষ্যেই এই পার্কটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে রূপান্তর করার মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, নতুন এই আধুনিকায়ন কার্যক্রমে পার্কের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে উন্নত রাইড, দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং ও লাইটিং। একই সাথে পার্কের প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখতে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির ফুল ও শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ করা হবে। দর্শনার্থীদের বসার জন্য আধুনিক ছাউনি, হাঁটার জন্য চমৎকার ওয়াকওয়ে এবং শিশুদের জন্য বিশেষ গেমিং জোনও এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম। এ সময় প্রধান অতিথি বলেন সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের মাধ্যমে পার্কটি শিশুদের জন্য আরও নিরাপদ, আকর্ষণীয় ও মনোরম বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সুস্থ বিনোদনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উল্লাস ডিসি পার্কের এই আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন হলে এটি শুধু কিশোরগঞ্জ শহর নয়, বরং পুরো জেলার অন্যতম প্রধান একটি বিনোদন ও পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। শহরের কোলাহলমুক্ত পরিবেশে মানুষ এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ কামরুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ সদর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদর মোঃ সূফি সাজ্জাদ আল ফোজায়েলসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পার্কের এই আধুনিক রূপান্তরের খবরে স্থানীয় এলাকাবাসী ও শিশুদের মধ্যে ব্যাপক আনন্দ ও উল্লাস দেখা গেছে।
