কক্সবাজার উখিয়া থেকে আবু বক্কর সিদ্দিক : সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ এবং নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী বাজারে তিন দিনব্যাপী পথসুরক্ষা ও ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ‘নিরাপদ যাত্রা’-র প্রথম দুই দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘নিরাপদ সড়ক আন্দোলন, উখিয়া উপজেলা’-এর উদ্যোগে এবং শাহপরী হাইওয়ে পুলিশ, পালংখালী বাজার কমিটি ও মালিক সমিতির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
কর্মসূচির প্রথম দুই দিনে পালংখালী বাজারের ব্যস্ততম সড়কগুলোতে পথচারী, গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়।
স্বেচ্ছাসেবীরা মাইকিং, নির্দেশনামূলক পরামর্শ এবং লিফলেট বিতরণের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
শাহপরী হাইওয়ে পুলিশের উপস্থিতিতে বিশেষ করে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরিধান এবং পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের বিষয়ের ওপর জোর দেওয়া হয়।
কর্মসূচির প্রথম দিনে শাহপরী হাইওয়ে পুলিশের সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন পালংখালী বাজার কমিটির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, কমিটির সিনিয়র সদস্য হেলাল উদ্দিন হীরা এবং সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন সরকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নেন পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মনু, বাজার কমিটির সিনিয়র সদস্য লুৎফুর রহমান, এবং ৭ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব রাইহান চৌধুরী ও শাহ জাহান।
এছাড়া ‘নিরাপদ সড়ক আন্দোলন, উখিয়া’-এর প্রতিনিধি কামরান আলী চৌধুরী সোহান, ওসমান গনি, সাংবাদিক মো. হারুন অর রশিদ, আহমদ আলী, নুরুল আমিন, হাফেজ এনামুল হক, আজিজ আবরার, আইয়ুব আলী, সিনহাদ, সরওয়ার আলমসহ স্থানীয় যুবসমাজ ও সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, “সড়ক নিরাপদ রাখা এককভাবে প্রশাসনের পক্ষে সম্ভব নয়; এটি আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব। সঠিক স্থানে গাড়ি পার্কিং, হেলমেট পরিধান এবং গতিসীমা মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।” তারা আরও যুক্ত করেন, “পথ আমার-আপনার, তাই সচেতনতার দায়িত্বও আমাদের।”
তিন দিনব্যাপী এই কর্মসূচির সমাপনী দিন আজ ২৩ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে পালংখালী বাজারে অনুষ্ঠিত হবে। সমাপনী কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
