শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দেড় কোটি টাকার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি সিসি বশর গ্রেপ্তার

দেড় কোটি টাকার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি সিসি বশর গ্রেপ্তার

‎কক্সবাজার উখিয়া থেকে আবু বক্কর সিদ্দিক : ‎কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ ছৈয়দুল বশর ওরফে ছিয়ক ওরফে সিসি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি এলাকার একজন শীর্ষ ইয়াবা কারবারি বলে জানা গেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের অভিযানের সময় অটোরিকশায় থাকা তাঁর দুই সহযোগী পালিয়ে যায়।
‎
‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎গ্রেপ্তার ছৈয়দুল বশর আঞ্জুমানপাড়া এলাকার আব্দুস ছবুরের ছেলে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা সন্দেহজনক একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। এ সময় চালকসহ তিনজন পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশার চালকের আসনের নিচে রাখা একটি সাদা বস্তা তল্লাশি করা হয়। বস্তার ভেতরে পাঁচটি কার্টনে সংরক্ষিত ৫০ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়।
‎
‎পুলিশের দাবি, উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
‎
‎পুলিশের রেকর্ডপত্র অনুযায়ী, গ্রেপ্তার ছৈয়দুল বশরের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আগের পাঁচটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে মাদকসংক্রান্ত মামলাও রয়েছে।
‎
‎বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহজনক অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই ব্যক্তি পালিয়ে যায়। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।”
‎
‎উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগের মামলার তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
‎
‎এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা