বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জে প্রথমবার ‘চাকরি ও যুব উদ্যোক্তা মেলা-২০২৬’ অনুষ্ঠিত

১০৮৫ তরুণ-তরুণীর নিবন্ধন :

কিশোরগঞ্জে প্রথমবার ‘চাকরি ও যুব উদ্যোক্তা মেলা-২০২৬’ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে চাকরি ও যুব উদ্যোক্তা মেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সিভি হাতে তরুণ-তরুণীরা ছুটে এসেছেন এই মেলায়। চাকরির সুযোগ, নিয়োগের যোগ্যতা ও প্রক্রিয়া জানতে সকাল থেকেই চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর স্টলের সামনে ছিল ভিড়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডিওয়াইডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘চাকরি ও যুব উদ্যোক্তা মেলা-২০২৬’।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর ও ইউসেফ বাংলাদেশ (USEF Bangladesh) যৌথভাবে এ মেলার আয়োজন করে। সহযোগিতায় ছিল সেভ দ্য চিলড্রেন।

দিনব্যাপী আয়োজনে মেলায় অংশ নেওয়া ২১টি চাকরিদাতা প্রতিষ্ঠানে চাকরির জন্য নিবন্ধন করেন, ১ হাজার ৮৫ জন তরুণ-তরুণী। একই সঙ্গে বিভিন্ন পদে নিয়োগ, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে তথ্য নেন তারা।

জানা গেছে, ইউসেফ বাংলাদেশের মাধ্যমে ৫০৭ জন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন খাতায় ৫৭৮ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেন।

চাকরির পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও দক্ষতা উন্নয়নের বিষয়েও মেলায় দেওয়া হয় তথ্য ও পরামর্শ। বিভিন্ন স্টলে যুব উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা ছিল।

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তা সুমন জানান, করোনাকালে কর্মহীন হয়ে পড়ার পর ছোট বোনের দেওয়া তিনটি পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। ক্রেতাদের সাড়া পেয়ে ধীরে ধীরে ব্যবসা বাড়িয়েছেন। এখন অনলাইন ও সরাসরি—দুই মাধ্যমেই পাঞ্জাবি বিক্রি করে নিজের ও পরিবারের খরচ চালাচ্ছেন।

উদ্যোক্তা সুমি বলেন, ইউসেফ বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণের মাধ্যমে নারী-পুরুষদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাদের সংগঠনের মাধ্যমে এবারের মেলায় ২০ জন বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

সকাল ১০টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চাকরিপ্রার্থী ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক, ইউসেফ বাংলাদেশের প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশন বিভাগের উপপরিচালক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান।

মেলায় সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম শামীম।

রফিকুল ইসলাম শামীম বলেন, প্রথমবারের আয়োজনেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। মোট ১ হাজার ৮৫ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেছেন। মূল লক্ষ্য ছিল চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা। পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইনও দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথম আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে চাকরি মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা