পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোর প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফয়জুল কবির চৌধুরী টিটু। পারিবারিক ঐতিহ্য, সামাজিক সুখ্যাতি ও বিগত নির্বাচনে সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়ার সুবাদে এবারও তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। স্থানীয় ভোটারদের মতে, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে খরনা ইউনিয়নের জনগণ একজন যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব খুঁজছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়জুল কবির চৌধুরী টিটু চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর প্রপিতামহ (দাদার বাবা) মরহুম এয়ার আলী চৌধুরী সুদীর্ঘকাল খরনা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাঁর দাদা আবদুল গনী চৌধুরী টানা ৩৬ বছর খরনা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে অনন্য নজির স্থাপন করেন।
পারিবারিক সেই সেবামূলক ঐতিহ্যের ধারাবাহিকতায় ফয়জুল কবির টিটুও দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সাথে যুক্ত থেকে জনগণের সেবা করে যাচ্ছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি অংশ নিয়ে সর্বস্তরের মানুষের ব্যাপক ভোট ও সমর্থন লাভ করেন। এর আগে তাঁর বড় ভাই ইলিয়াস চৌধুরী নির্বাচনে অংশ নিয়ে মাত্র ৩০ ভোটের ব্যবধানে পরাজিত হন, যা নিয়ে তৎকালীন সময়ে নানা বিতর্ক ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ফয়জুল কবির টিটু ইতিমধ্যে খরনা ইউনিয়নের সাধারণ মানুষের সাথে নিবিড় গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। খরনা ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন এই তরুণ রাজনৈতিক নেতা।
নিজের প্রার্থীতা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ফয়জুল কবির চৌধুরী টিটু বলেন, “আমাদের পরিবার অতীতেও খরনার সাধারণ মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে একটি সম্পূর্ণ জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব, যেখানে সাধারণ মানুষ সহজেই তাদের কাঙ্ক্ষিত অধিকার ও নাগরিক সেবা পাবে। এছাড়া মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে খরনাকে একটি শান্তিময় ও নিরাপদ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে আমি বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে চেয়ারম্যানের দরজা সর্বসাধারণের জন্য সব সময় উন্মুক্ত থাকবে।” আসন্ন নির্বাচনে খরনা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে তিনি এলাকার সকল স্তরের জনগণের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন।
নির্বাচনী এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, একজন দানশীল, বিনয়ী ও পরিচ্ছন্ন ইমেজের নেতা হিসেবে ফয়জুল কবির চৌধুরী টিটুর প্রতি এলাকার তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও জোরালো সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
